জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: হাইকোর্টের তৈরি নজরদারি কমিটির তত্ত্বাবধানে গঙ্গাসাগর মেলা চললেও পশ্চিম মেদিনীপুরের সমস্ত মেলা বন্ধ রাখা হল। জেলায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় বন্ধ রাখা হয়েছে ব্রিটিশ আমল থেকে হয়ে আসা ঘাটালের শতাব্দী প্রাচীন গঙ্গা মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় আসা দোকানদার ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারি করে মেলা বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে ঘাটাল পৌরসভা।
একশো বছরের বেশি সময় ধরে ঘাটালের শিলাবতী নদী সংলগ্ন কুঠি বাজার এলাকায় মকর সংক্রান্তির সকাল থেকে প্রতি বছর শুরু হতো গঙ্গা মেলা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের দোকানদার ও লোকজনের সমাবেশে মেলায় জনজোয়ার ঘটতো। করোনা সংক্রমনের জেরে ঘাটাল পুরসভার পক্ষ থেকে প্রশাসক বিভাস চন্দ্র ঘোষ নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এবার গঙ্গা দেবীর পুজো হলেও মেলা হচ্ছে না।

এ বছর ঘাটালের শুধু গঙ্গা মেলাই নয়, করোনার কারণে জেলার খড়্গপুরের বিখ্যাত মহাবীর মিলন মেলাও বন্ধ রাখা হয়েছে বলে উৎসব কমিটি জানিয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্থগিত রাখা হয়েছে দাঁতন গ্রামীণ মেলা এবং শালবনির কর্ণগড়ের মহামায়া সেবা সমিতি আয়োজিত শতাব্দী প্রাচীন পৌষ সংক্রান্তির মেলাও।

