আমাদের ভারত, ২১ জুন: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার সোমবার তাদের প্রথম বাজেট পেশ করবে বিধানসভায়। ফলে সেই বাজেটকে ঘিরে আমজনতার মধ্যে প্রত্যাশার পারদ ঊর্ধ্বে চড়ছে। বিশেষত ডিএ নিয়ে শুভেন্দু অধিকারী সরকার বড় কিছু ঘোষণা করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এছাড়াও নতুন একগুচ্ছ ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে।
আর এই জল্পনার মধ্যে বাংলার প্রতি কল্পতরু, নরেন্দ্র মোদী সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। কেবল তাই নয়, কত টাকা রাজ্যের বিজেপি সরকারকে দেওয়া হয়েছে সেই হিসেবও দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নিজে। মোদী আশাবাদী আগামী দিনে পশ্চিমবঙ্গ মৎস্য চাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, বন্দর কেন্দ্রিক উন্নয়ন, বস্ত্র শিল্প, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতির একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে।
শনিবার ছিল পশ্চিমবঙ্গ দিবস, আর এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আবেগ ঘন বার্তাও দেন প্রধানমন্ত্রী। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পাঁচ পাতার চিঠিতে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা দেন। একই সঙ্গে মাত্র দেড় মাসের ব্যবধানে বাংলাকে কত অর্থ দেওয়া হয়েছে তাও জানান।
প্রধানমন্ত্রী লিখেছেন, কেন্দ্র সরকার রাজ্যকে সম্ভাব্য সব রকমের সাহায্য করবে। জল জীবন মিশন এবং পরিকাঠামো সম্পর্কিত কাজ সহ অতীতের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলিকে ত্বরান্বিত করতে প্রায় ৪০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।রেলের উন্নয়নের জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, আমি আত্মবিশ্বাসী আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রা আরও বেশি উদ্দীপনার সঙ্গে এগিয়ে যাবে।

