“পঞ্জাবের ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্র”, টুইট অমিত শাহর

আমাদের ভারত, ৫ জানুয়ারি: পঞ্জাবের ভাতিন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র। বুধবার সন্ধ্যায় এ ব্যাপারে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “পঞ্জাবে আজকের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে বিশদ প্রতিবেদন চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা ব্যবস্থায় এ ধরনের অবহেলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং জবাবদিহি নিশ্চিত করা হবে।

পঞ্জাবে আজকের কংগ্রেস-নির্মিত ঘটনা দলটি কীভাবে চিন্তা করে এবং কাজ করে তার একটি ট্রেলার। জনগণের বার বার প্রত্যাখ্যান তাদের পাগলের পথে নিয়ে গেছে। কংগ্রেস যা করেছে তার জন্য ভারতের জনগণের কাছে ওই দলের শীর্ষস্থানীয় নেতাদের ক্ষমা চাওয়া উচিত।”

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি এবং পরিকল্পনা পঞ্জাব সরকারকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একটি জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখার কথা ছিল তাদের। বিকল্প জরুরি পরিকল্পনার অংশ হিসাবে সড়কপথে চলাচলের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার কথা ছিল পঞ্জাব সরকারের, যা স্পষ্টতই করা হয়নি। এই নিরাপত্তা ত্রুটির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাতিন্দা বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *