অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল: ঝাড়গ্রাম জেলার জামবনিতে ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় তিন লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার সামনের একটি সোনার দোকানে। এদিন এক ব্যক্তি ক্রেতা সেজে এসে রুপোর একটি লকেট প্রায় দুই হাজার আটশ টাকা দিয়ে কেনেন এবং সেই টাকা মিটিয়ে দেন ওই ব্যক্তি। এরপর সোনার একটি জিনিস দেখার জন্য দোকানদারকে তিনি বলেন। দোকানদার যখন সেই জিনিসটি আলমারি থেকে আনছিল সেই সময় তাঁর অলক্ষ্যে চারটি সোনার হার দোকান থেকে নিয়ে দ্রুত বাইকে চড়ে ওই দুষ্কৃতি চম্পট দেয় বলে অভিযোগ করেন সোনার দোকানের মালিক শশাঙ্ক রানা।
তারপরেই তিনি সঙ্গে সঙ্গে জামবনি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর জামবনি থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন থানাকে বিষয়টি জানানো হয়েছে বলে জানাগেছে। জামবানি থানার বিভিন্ন মোড়ে পুলিশ নাকা চেকিং শুরু করেছে। তবে প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে চুরির ঘটনায় জামবনি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

