লরির ধাক্কায় প্রাণ গেল কিশোরের, প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৩ এপ্রিল: রেশন আনতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে তীব্র বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। পুরুলিয়া শহর লাগোয়া রাঁচি রোডে মাগুড়িয়া গ্রামের ঘটনা। উত্তেজিত জনতা রাস্তায় গাছের বড় ডাল ফেলে অবরোধ করে। ঘাতক লরি সহ অন্য গাড়িতেও ভাঙ্গচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই রাস্তার উপর কাছাকাছি পুরুলিয়া সদর, মফঃস্বল ও টামনা থানার পুলিশের যাতায়াত রয়েছে। অথচ, জনবহুল এই এলাকার উপর দিয়ে বেপরোয়াভাবে গাড়ি যাতায়াত করে। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। বিপজ্জনভাবে রাস্তার একটা বাঁক রয়েছে। সেখানেও প্রচণ্ড গতিতে অবাধে গাড়ি চলাচল করে। আজকের দুর্ঘটনার জন্য পুলিশের অবহেলা ও গুরুত্ব না দেওয়ার জন্যই দায়ি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

স্থানীয়ভাবে জানা গিয়েছে, আজ সকাল ৯ টা নাগাদ মাগুড়িয়া গ্রামের অমিত মাহাতো(১৪) নামে এক কিশোর রেশন আনতে যাচ্ছিল। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে পুরুলিয়া শহরের দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি লরি পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কায় দূরে ছিঁটকে পড়ে ওই কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, বলে জানায় পুলিশ। ঘটনার পরই ঘাতক লরির চালক পালিয়ে যায়। লরিটিকে আটকে ভাঙ্গচুর চালায় উত্তেজিত জনতা। যদিও পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। বিক্ষোভকারীদের বাধা পেয়ে থেমে থাকতে হয় পুলিশকে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পদস্থ আধিকারিকরা আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সাড়ে এগারটা নাগাদ অবরোধ উঠে যায়। যান চলাচল স্বাভাবিক হয় ওই রাস্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *