স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ এপ্রিল:
বৃহস্পতিবার গভীর রাতে ফুলিয়া স্টেশন রোডে আগুন।
ফুলিয়ার চিলিং গেটের পাশ থেকে ফুলিয়া রেল গেট সংলগ্ন পর পর ১২ থেকে ১৫টি দোকানে আগুন লেগে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক রাত বারোটা নাগাদ এই আগুন লাগে। রাত যত বাড়তে থাকে আগুনের ভয়াবহতাও তত বাড়তে থাকে। আগুনের লেলিহান শিখা এক এক করে গ্রাস করতে থাকে বিভিন্ন দোকান। এমনকি রাস্তার দু’ধারে থাকা গাছগুলো আগুনে পুড়ে যায়। এরপর স্থানীয় মানুষজন খবর দেন শান্তিপুর দমকল অফিসে। প্রাথমিকভাবে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণ না আসায় তার কিছুক্ষণ পরে দমকলের আরও একটি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন কিভাবে লাগলো তা এখনও জানা সম্ভব হয়ে ওঠেনি।

প্রাথমিকভাবে জানা যায় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত দোকানগুলি ছিল রেডিমেড পোশাকের দোকান, ফলের দোকান, লটারির টিকিটের দোকান, সেলুন, চায়ের দোকান ইলেকট্রিকের দোকান, হার্ডওয়ার্সের দোকান সহ বিভিন্ন ছোট-বড় দোকান। এই দোকানগুলোর আশেপাশে বেশ কিছু দোকান আগুনের হলকানিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল সূত্রে জানা যায়, আড়াই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তারা বলেন, এই দোকানের ওপরেই তাদের সংসার চলত। তাদের দোকানই ছিল সম্বল, দোকানের রুজি-রোজগারেই চলত ছেলে-মেয়ের পড়াশোনা বয়স্ক মার চিকিৎসা। এখন কিভাবে তারা আবার ঘুরে দাঁড়াবে, কিভাবেই বা করোনা আবহে নতুন করে দুটো পয়সার মুখ দেখবে সেই চিন্তায় তারা এখন দিশাহারা।


