বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের ভ্যাকসিন দেওয়া হল

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৩ এপ্রিল: বারুইপুর সংশোধনাগারে শুর হল কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ৷ শুক্রবার বারুইপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রথম দফায় মোট ৯০ জন বন্দিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ প্রত্যেককে সমস্ত সরকারি নিয়ম মেনেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ এদিন থেকে শুরু হয়েছে। মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য দফতরের কর্মীরা এদিন সংশোধনাগারে গিয়ে বন্দিদের ভ্যাকসিন দেন।
 
বারুইপুর সংশোধনাগার সূত্রের খবর, এখানে মোট ১১১২ জন বন্দি রয়েছেন। এরমধ্যে জেল থেকে ছাড়া পাওয়া বাংলাদেশের এক বাসিন্দাও রয়েছেন৷ সংশোধনাগারের মধ্যে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই কারণে প্রথম থেকেই যথেষ্ট সচেতন ছিল কারা দফতর। ভ্যাকসিন বাজারে আসার পর থেকেই বন্দিদের মধ্যে ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরির কাজ শুরু করা হয় সংশোধনাগার কতৃপক্ষের পক্ষ থেকে৷ দীর্ঘ আলাপ আলোচনার পর এবং বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শের পর এ বিষয়ে কিছু বন্দিকে সচেতন করা গিয়েছে৷ এছাড়া প্রতিটি সেলে যে টেলিভিশন রয়েছে সেখান থেকেও তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে জেল সুত্রে৷ আর সেই সচেতনতার ফলেই এদিন প্রথম দফায় মোট ৯০ জন বন্দি ভ্যাকসিন নিয়েছেন।

এদিন বারুইপুর মহকুমা হাসপাতালে একটি টিম সংশোধনাগারে গিয়ে বন্দিদের ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন৷ উপস্থিত ছিলেন বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সংশোধনাগারের আধিকারিকরা৷  বারুইপুর সংশোধনাগারের সুপার অসিতবরণ নস্কর জানান, কোনও বন্দি প্রথমে সংশোধনাগারে এলেই তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হয়৷ এছাড়া তাদের হাতে সংশোধনাগারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় স্যানিটাইজার ও মাস্ক৷ তারপর তাদেরকে রাখা হয় আইসোলেশন সেলে৷ সেখানে কয়েকদিন রেখে দেখা হয় তাদের কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা৷ কারোর কোনও শারীরিক সমস্যা হলে তাদের জেলেরই হাসপাতালে ভর্তি করা হয়৷ সংশোধনাগারের মোট ৪৯ বেডের একটি হাসপাতাল রয়েছে৷ যার একাংশে কোভিড চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশোধনাগারের সুপার৷ যে সমস্ত বন্দিরা এদিন টিকা নিলেন না তাদের মধ্যে সচেতনতা তৈরির কাজ শুরু হয়েছে৷ প্রতিটি সেলের বাইরে এই সংক্রান্ত প্রচার পোস্টার লাগানো হয়েছে৷ এছাড়া সংশোধনাগারের পক্ষ থেকেও প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন অসিত বরণ নস্কর৷ পরবর্তীতে যারা আবার ভ্যাকসিন নিতে আগ্রহী হবেন তাঁদেরকে পুনরায় ভ্যাকসিন দেওয়া হবে বলে সংশোধনাগার সূত্রে জানানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *