“মাস্ক না পরলে বাসে তুলবেন না”, চালক কন্ডাকটরদের সাফ নিদান কাশিপুর থানার ওসির

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৩ এপ্রিল: মাস্ক না পরলে বাসে তুলবেন না, বাস চালক, কন্ডাকটরদের সাফ নিদান দিলেন কাশিপুর থানার ওসি সমরেশ ঘোষ। করোনার প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকদিন সংক্রমণের সংখ্যাটা হু হু করে বাড়ছে। এমতাবস্থায় সাধারণ মানুষকে সচেতন করতে আসরে নেমেছেন পুলিশ আধিকারিকরা।

একধাপ এগিয়ে কাশিপুর থানার ওসি সমরেশ ঘোষ। বাজারে বাজারে করোনা সচেতনতার প্রচার, মাস্ক স্যানিটাইজার প্রদানের পর এবার বাস অটো টোটোতে বিধিনিষেধ আরোপ করলেন তিনি। নিজে বাস অটো দাড় করিয়ে মাস্ক ছাড়া কোনও যাত্রীকে নিয়ে যাওয়া যাবে বলে নিদান দিলেন। অটো টোটোতে সামনে কোনও যাত্রী বসতে পারবে না, স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করতে হবে বলেও তিনি নির্দেশ দেন। করোনার প্রকোপ থেকে রেহাই পেতে এই উদ্যোগ বলে তিনি জানান।

ভাঙড়ের পাকাপোল, কাশিপুর, বিজয়গঞ্জ বাজারে সচেতনার পাশাপাশি শুক্রবার সকাল সকাল ভাঙড়ের পোলেরহাট শোনপুর ৯১ রোডে বাসে উঠে চালক ও সহযোগীকে কার্যত সাবধান করলেন তিনি। “মাস্ক না পরলে বাজার করা যাবে না” এর পর “মাস্ক না পরলে বাসে ওঠা যাবে না” পুলিশের এমনও পদক্ষেপে খুশি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *