ঘাটাল পুর এলাকায় করোনার টিকা নিতে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল:
দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে মানুষের টিকা নেওয়ার আগ্রহ বেড়ে চলেছে। সরকার সবাইকে টিকাকরণের আশ্বাস দিলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভা স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে গিয়ে অনেকেই হতাশ হচ্ছেন। কারণ টিকা না নিয়ে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। দিনের পর দিন ঘুরতে হচ্ছে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে।
কেউ রাত দুটো থেকে, কেউ ভোর চারটে থেকে এসে লাইন দিচ্ছেন। কষ্ট করে লাইনে দাঁড়ানোর পর হাসপাতালের কর্মীরা বলে দিচ্ছেন টিকা দেওয়া হবে না।
টিকার দ্বিতীয় ডোজ যারা নেবেন তাদেরকে একই পরিস্থিতির সামনে পড়তে হচ্ছে। টিকা গ্রাহকদের কোনও দিন কেবলমাত্র কুড়িজন কোনও দিন কেবল মাত্র ১০ জনকে টিকা দেওয়া হচ্ছে। এর ফলে টিকা গ্রাহকরা ধৈর্য হারিয়ে ফেলছেন, কোথাও কোথাও হাসপাতালের কর্মীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন। ক্ষোভ বাড়ছে মানুষজনের। সরকারিভাবে সবাইকে টিকাকরণের কথা বলা হলেও টিকার যোগান কম থাকার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মানুষজনের দাবি, সরকার বেশি করে টিকা সরবরাহ করুক এবং লাইনে ভিড় কমানোর জন্য টিকা কেন্দ্র আরও বেশি করে খোলা হোক। করোনা সংক্রমণ প্রতিরোধে ভিড় কমানো প্রয়োজন, কিন্তু টিকাকরণ কেন্দ্রগুলিতে অস্বাভাবিক ভিড়ে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *