সাথী দাস, পুরুলিয়া, ২ জুলাই: গাছে ঝুলন্ত প্রেমিক প্রেমিকার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। আজ দুপুরে মফঃস্বল থানার পুলিশ সতের গ্রামে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
স্থানীয় ভাবে জানা গিয়েছে, সতের গ্রামের পিন্টু কুইরি (১৯) ও বিপুলা কুইরি (১৭) র মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দু’ জনের প্রেমের বিষয়টি দুই পরিবার মেনে নেয়নি। পিন্টুর জ্যাঠামশাই জানান, “আমি হাটে সবজি বিক্রি করতে গিয়ে এই খবর পাই। আমরা ওদের বিয়ে দেওয়ার জন্য আলোচনা করেছিলাম। এর মধ্যেই নিজেদেরকে ওরা শেষ করে দিল।”

স্থানীয় হাট বাগান ময়দানে একটি অশত্থ গাছে ওড়নায় ফাঁস লাগানো দুই জনের ঝুলন্ত দেহ দেখতে পান বাসিন্দারা। তাঁদের অনুমান তারা আত্মহত্যা করে। মফঃস্বল থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে পিন্টু দিন মজুরের কাজ করত। অন্যদিকে তার প্রেমিকা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল।

