রাজেন রায়, কলকাতা, ২ জুলাই: বরাবরই বাজেট অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে হয় রাজ্যপালকে। কিন্তু রাজ্যপালের মন্তব্য নিয়ে প্রশাসন বরাবরই অস্বস্তিতে। বিধানসভার ভেতরে অধিবেশন থেকে রাজ্যপালের মন্তব্য সরাসরি সম্প্রচার না করার নির্দেশ দিয়েছিলেন স্পিকার। প্রথমত অধিবেশনে এসে বক্তব্য রাখতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাধ্য হয়ে মাত্র ৪ মিনিটে নিজের বক্তব্য শেষ করলেন তিনি।
রাজ্যপাল হাউসে প্রবেশ করতেই ওয়েলে নেমে তাঁর উদ্দেশে নমস্কার জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই হাতে ভোট পরবর্তী হিংসার ছবি নিয়ে ওয়েলে নেমে তুমুল স্লোগান শুরু করেন বিজেপি বিধায়করা। রাজ্যপাল তখন সবে বলা শুরু করেছিলেন।
এদিন রাজ্যপালের বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় তৃণমূল বিধায়করা। পাল্টা বিজেপি বিধায়করা স্লোগান তোলেন, ‘ভারত মাতা কি জয়।’ তারপর তৃণমূলের পাল্টা স্লোগান জয় বাংলা। ফলে তার বক্তব্য প্রায় কিছুই শোনা যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে নিজের বক্তব্য থামিয়ে দিতে হয় রাজ্যপালকে। সকলের উদ্দেশে নমস্কার জানিয়ে বেরিয়ে যান বিধানসভা থেকে। রাজ্যপাল কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পরেই বিজেপি বিধায়করা অধিবেশন ছেড়ে বেরিয়ে যান।
রাজ্যপালকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে কক্ষে ফিরে আসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপর মুখ্যমন্ত্রীও বেশিক্ষণ কক্ষে ছিলেন না। তিনিও বেরিয়ে যান। তবে মুখ্যমন্ত্রী অল্প কিছু সময় কথা বলছেন মুকুল রায়ের সঙ্গে। তবে দলত্যাগ বিরোধী আইন নিয়ে কিছু সমস্যা থাকায় এ দিন বিজেপির আসনেই বসতে হয় মুকুলবাবুকে।

