সাথী দাস, পুরুলিয়া, ৮ জানুয়ারি: বসে থাকা অবস্থায় নিষ্প্রাণ হয়ে গেল একটা জীবিত মানুষ। পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের কাছে ওই ব্যক্তিকে ওই অবস্থায় দেখে প্রথমে ভাবতেই পারেননি সেখানে যাতায়াতকারীরা।

দেওয়ালে হেলান দেওয়া অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনেরা। দীর্ঘ সময় একইভাবে বসে থাকতে দেখে শেষ পর্যন্ত তাঁদের সন্দেহ হয়। পরে হাসপাতালের সুপারেন্টেন্ড কাম ভাইস প্রিন্সিপাল ডঃ সুকোমল বিষয়ীকে খবর দেওয়া হলে তিনি পুরুলিয়া সদর থানায় খবর দেন। পুরুলিয়া সদর থানার পুলিশ সেখান থেকে দেহটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

