পুরুলিয়ায় আক্রান্ত ১৮ চিকিৎসক সহ ৩১ স্বাস্থ্য কর্মী, শঙ্কিত স্বাস্থ্য দফতর

সাথী দাস, পুরুলিয়া, ৮ জানুয়ারি: পুরুলিয়ায় করোনায় আক্রান্ত ১৮ জন চিকিৎসক সহ ৩১ জন স্বাস্থ্য কর্মী। আর এই সংখ্যা বাড়লে বড় রকম প্রভাব পড়তে পারে পরিষেবায়। এতে শঙ্কিত জেলা স্বাস্থ্য দফতর।

দেশ এবং রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও লাগামহীনভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৪। পাশপাশি পাল্লা দিয়ে বাড়ছে মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা। মাত্র একদিনেই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩২ জন। আক্রান্ত হয়েছেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১৮ জন চিকিৎসক, ৭ জন নার্স এবং ৬ জন স্বাস্থ্য কর্মী। শুধুমাত্র পুরুলিয়া শহরেই আক্রান্তের হার সবচেয়ে বেশি, ২২৯ জন। এভাবে চললে আগামী দিনে জেলা স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা।

পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ সুকমল বিষয়ী জানান, “এই ভাবে চিকিৎসক সেবিকা, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে অন্যান্য চিকিৎসা পরিসেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা বাড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *