আমাদের ভারত, হাওড়া, ৮ জানুয়ারি: ১৬ নং জাতীয় সড়কের পাশে একটি রাষ্ট্রায়াত্ত তেল সংস্থার পেট্রোল পাম্প থেকে লক্ষাধিক টাকা লুট করে পালালো ৪ দুষ্কৃতী। শুক্রবার রাতে উলুবেড়িয়ার রঘুদেবপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাজাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, শুক্রবার রাত ১২ টা ৩০ নাগাদ ৪ দুষ্কৃতী একটি প্রাইভেট গাড়িতে করে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার রঘুদেবপুরের একটি পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ায়। গাড়িটিকে জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে দুষ্কৃতীরা পায়ে হেঁটে পেট্রোল পাম্পের ভিতরে ঢোকে। সূত্রের খবর, এরপর দুষ্কৃতীরা ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায়। এক দুষ্কৃতী বাইরে অপেক্ষা করলেও বাকি ৩ জন ক্যাশ কাউন্টারের ভিতরে ঢোকে। পরে কর্মচারীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায়।

এদিকে পেট্রোল পাম্পে দুষ্কৃতী হানার খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। শনিবার সকালে তদন্তে পেট্রোল পাম্পে আসেন উলুবেড়িয়ার এসডিপিও রাঘব এস। তিনি পাম্পের কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন।
ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

