আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী। কোভিডের দাপট বাড়লেও রাস্তাঘাটে মানুষের জটলা, বাজারে ভিড় চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। মুর্শিদাবাদ জেলায় কড়া বিধি লাগু করতে চলেছে প্রশাসন। রবিবার সকাল থেকেই কার্যকর হবে নতুন সরকারি নির্দেশ।
বহরমপুর পৌরসভা এলাকা, কান্দি পৌরসভা এলাকা এবং ভরতপুর ১, ভরতপুর ২ এবং বহরমপুর ব্লকে সকাল ১০ টার মধ্যে বন্ধ হয়ে যাবে অধিকাংশ বাজার। সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বহরমপুর পৌরসভা এলাকার সমস্ত সবজি বাজার, মাছের বাজার, মাংসের দোকান, মুদিখানার দোকান। ১০ টা তেই বন্ধ হবে ইন্দিরা মার্কেট, রিলায়েন্স স্মার্ট গ্রোসারি স্টেশন, মোহন মল মোর, মনীন্দ্রনগরের সবজি বাজার। ভরতপুরের সবজি বাজার, সালারের সবজি বাজার, বড়ঞার সবজি বাজার ও কান্দি পৌরসভা এলাকার সবজি বাজারও খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত। দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে পোষাকের দোকান, সোনার দোকান। মিষ্টির দোকান, বই, খাতার দোকান, প্রাঙ্গন মার্কেট, রিলায়েন্সের জামাকাপড়ের দোকান, মোহন মলের অন্যান্য দোকান। কান্দি পৌরসভা এলাকার জামাকাপড়, গয়নার দোকান, বই, খাতার দোকান, মিষ্টির দোকানও খোলা থাকবে দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

