পানিহাটিতে আক্রান্ত ৫০০, ১০ জানুয়ারি থেকে সপ্তাহে তিন দিন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ও রবিবার সম্পূর্ণ লকডাউনের নির্দেশ

আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ জানুয়ারি: করোনার গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। উত্তর ২৪ পরগনাতেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যেখানে গত ২ জানুয়ারি পানিহাটিতে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬ সেখানে ৭ তারিখ পেরোতে সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫০০ তে। সমস্ত বিষয় পর্যালোচনা করে পানিহাটি পৌরসভা, পানিহাটির বিধায়ক সহ ঘোলা ও খড়দহ থানার আধিকারিকদের উপস্থিতিতে পানিহাটি অঞ্চলের ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনার ভিত্তিতে পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন করে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আর রবিবার পানিহাটিজুড়ে থাকবে সম্পূর্ণ লকডাউন। পৌরসভা কর্তৃক এই নিয়ম চালু হবে আগামী ১০ জানুয়ারি থেকে।

আজকের আলোচনা প্রসঙ্গে পানিহাটি পৌরসভা উপ মুখ্য প্রশাসক সোমনাথ দে জানান, পানিহাটিতে যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে লকডাউনের পথ বেছে না নিলে মহামারি সৃষ্টি হবে পানিহাটিতে। সে কারণেই সমস্ত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে সম্মতি দিয়েছেন সমস্ত ব্যবসায়ী সমিতি।

পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বক্তব্য, নির্দিষ্ট বাজারগুলিতে জনসংযোগ কমাতে পানিহাটি পৌরসভা অঞ্চলের সমস্ত বাজার সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একদিন অন্তর একদিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *