সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া জিরো পয়েন্ট থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাশিপুর গ্রাম এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃতদেহের পাশ থেকে বাংলাদেশের টাকা এবং মৃত ব্যক্তির কাছে থাকা বেশ কিছু ডাক্তারি ও বাংলাদেশের কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারদের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি চোরাই পথে ভারতের চিকিৎসা করাতে এসেছিল বলে জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভবত বাংলাদেশের ওই ব্যক্তি চোরাই পথে চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন। এদিন গভীর রাতে চোরাপথে বাংলাদেশ যাচ্ছিলেন। জিরো পয়েন্টের কাছে গিয়ে তাঁর মৃত্যু হয়। তবে কি কারণে মৃত্যু হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে। বাগদা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠিয়েছে।

