সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে পুরুলিয়াজুড়ে বিশেষ নিরাপত্তা

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৫ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হল পুরুলিয়া জেলা। জেলার জঙ্গলমহল এলাকার সাতটি থানা ছাড়াও পুরুলিয়া সদর থানা সহ বাকি ১২ টি থানাতেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সব রকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আধা সামরিক বাহিনীর ক্যাম্পগুলিকেও। এছাড়াও পুরুলিয়া জেলার ৩২৩ কিলোমিটার জুড়ে থাকা ঝাড়খণ্ড সীমান্তে চলছে তল্লাশি। সীমান্তে থাকা জাতীয় সড়ক ও অনান্য সড়কগুলিতে করা হয়েছে বিশেষ নাকা চেক পয়েন্ট।সীমান্ত এলাকায় জঙ্গলগুলিতে
সিআরপিএফ দিয়ে তল্লাশি চলে।

পুরুলিয়া জিআরপি থানার ওসি সন্দীপ চ্যাটার্জির নেতৃত্বে বিশেষ তল্লাশি চলে আজ। পুরুলিয়া- চান্ডিল শাখার টামনা স্টেশনের দিকে কাঁসাই নদীর উপর রেল সেতুতে বিশেষ নজরদারির ব্যবস্থা করে পুরুলিয়া জিআরপি। এছাড়া পুরুলিয়া- কোটশিলা শাখার বিভিন্ন স্টেশন ও লাইনে তল্লাশি চালায় জিআরপি’র তল্লাশি টিম।

এক সময়ে মাওবাদীদের কার্যকলাপ জঙ্গলমহলের পুরুলিয়া জেলাকেও অশান্ত করে তুলেছিল।পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও এই দিনগুলিতে নিজেদের অস্তিত্ব আরও দৃঢ় করতে মাও নাশকতা ঘটানোর আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না পুরুলিয়া জেলা পুলিশ। তা প্রতিহত করতেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ ও আধাসামরিক বাহিনী বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *