সাথী দাস, পুরুলিয়া, ১ অক্টোবর: নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার পাড়া থানার জবড়রা গ্রামের হাড়াই নদীর উপর নির্মিত চেকড্যামে স্থানীয় আব্দুল রহিম মণ্ডল (২৫) নামে ওই যুবক স্নান করতে গিয়ে তলিয়ে যায়। যুবকের বাড়ি পাড়া থানার শাঁকড়া গ্রামে। যে চেক ড্যামে আব্দুল রহিম মণ্ডল তলিয়ে গিয়েছিল সেই চেক ড্যাম থেকে নিচের দিকে একটু দূরে আরেকটি চেক ড্যাম থেকে তার দেহ উদ্ধার হয় আজ বেলার দিকে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। দেহটি তুলে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠালো পাড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ওই যুবক প্রতিদিনের মত নদীতে স্নান করতে গিয়েছিল। টানা দু’দিনের বৃষ্টির কারণে জলের স্রোত দ্রুত গতিতে বইতে থাকে। সেই সময় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই যুবক। ঘটনার খবর পেয়ে পৌঁছায় পাড়া থানার পুলিশ এবং উদ্ধার কাজ শুরু হয় এবং রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলার দলকে খবর দেওয়া হলে তারাও এসে উপস্থিত হয়। ঘন্টাখানেকে অভিযান চালানোর পর জলের গতিবেগ খুবই তীব্র থাকায় এবং অন্ধকার ঘনিয়ে আসার ফলে উদ্ধারকার্য সম্পন্ন করা সম্ভব হয়নি। আজ বেলার দিকে দেহ উদ্ধার হয়।

