কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ অক্টোবর: বন্যার জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল দোতলা পাকা বাড়ি। ঘটনাটি ঘটেছে মনসুকার চড়কতলাতে।
বৃহস্পতিবার থেকে নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির জেরে শিলাবতী ও ঝুমি নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে। দু’কুল ছাপিয়ে তীব্রগতিতে বন্যার জল প্রবেশ করেছে পাশাপাশি এলাকায়। শুক্রবার সকালে ঝুমি নদীর জলের তীব্র তোড়ে মনসুকার রতন মন্ডলের দোতলা পাকা বাড়িটি তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। বিকট শব্দে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙ্গে যায়। ওই সময় বাড়িটিতে কেউ ছিলেন না বলে কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে।
ওই বাড়ির পার্শ্ববর্তী বাড়িগুলিও ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আতঙ্কিত ঐ এলাকার বাসিন্দারা।
তবে প্রশাসনের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছে, ওই এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এনডিআরএফ টিম প্রস্তুত আছে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য।
উল্লেখ্য, ঘাটালের নদীগুলিতে এখনও পর্যন্ত জলের চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঘাটাল মহকুমার বারোটি ওয়ার্ড সহ ১৩ নম্বর ওয়ার্ডেরও বেশ কিছু এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।

