ঘাটালে বন্যার জলে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক শিশুর

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ অক্টোবর: বন্যার জলে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল সাত বছরের এক শিশুর। আজ ঘটনাটি ঘটেছে ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার থেকে ঘাটাল মহকুমায় সব নদীর জলস্তর হুহু করে বৃদ্ধি পেতে শুরু করেছে। বন্যার জল প্রবেশ করেছে শিলাবতী নদীর পশ্চিম পাড়ের বারোটি ওয়ার্ডে। আর তার মাঝেই এই মর্মান্তিক দুর্ঘটনা।

জানা গিয়েছে ১ অক্টোবর শুক্রবার ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীহরি চাণক্যের ৭ বছরের ছেলে স্নান করবে বলে নিজেই বন্যার জলে নেমে পড়েছিল।
তারপর হঠাৎ করেই ছেলেটিকে দেখতে না পেয়ে বাড়ির সদস্যরা এবং এলাকার বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরে জল থেকে উদ্ধার করা হয়
ছেলেটিকে। এরপর ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। যেহেতু বন্যার জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু, তাই ছেলেটির দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানায় ঘাটাল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *