সেবা দলের কর্মী সম্মেলন ভরসা যোগাচ্ছে পুরুলিয়া জেলা কংগ্রেসকে

সাথী দাস, পুরুলিয়া, ১ অক্টোবর: সেবা দলের উপর ভর করে ব্লকে, জেলা সদরে কর্মী বাড়াতে উদ্যোগী পুরুলিয়া জেলা কংগ্রেস। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার আর এই রাজ্যে তৃণমূল সরকারের নীতির সমালোচনা করে জনমত গড়ে তোলার লক্ষ্যে কংগ্রেস সেবা দলই ভরসা যোগাচ্ছে জেলা কংগ্রেসকে। আজ পুরুলিয়ার জয়পুরে ওই সংগঠনের রাজনৈতিক সম্মেলনে অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন বক্তারা। সংগঠনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো সহ জেলা ও ব্লক নেতৃত্ব। সংগঠনকে পুনরুজ্জীবিত করে রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন সংগঠকরা।

সেবা দলের জেলা মুখ্য সংগঠক সন্দীপ গোস্বামী বলেন, “কংগ্রেসের আদর্শই আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমরা কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে অহিংস আন্দোলন করেছি। রাজ্যের বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। সাধারণ মানুষের মনের কথা নিয়েই জনসমক্ষে তুলে আন্দোলনের রূপ দেব।”

কংগ্রেসের ভাব মূর্তি ভালো থাকলেও গ্রহণ যোগ্যতা একেবারেই কমে গিয়েছে বিশেষ করে নবীন প্রজন্মের কাছে। রাজনৈতীক প্রেক্ষাপটে পুরুলিয়া জেলায় তৃতীয় সারি থেকে ঘুরে দাঁড়াতে চাইছে জাতীয় এই রাজনৈতিক দল। আর এর জন্য তাদের বড় ভরসা যোগাচ্ছে সেবা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *