রায়গঞ্জে নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পরিবারের দাবি খুন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মে: নদী থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে কুলিক সেতু সংলগ্ন এলাকায়।

পুলিশ ও পরিবার সূত্রের খবর, মৃত যুবকের নাম সুবোধ মন্ডল (২৩)। তার বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত বারোদুয়ারির মধুপুর এলাকায়। পেশায় তিনি টোটো চালক ছিলেন। সম্প্রতি তার বিয়েও ঠিক হয়েছিল বলে জানা গিয়েছে। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার বিকেল ৪ টে নাগাদ মোবাইল ঠিক করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সুবোধ। পরিবারের দাবি, ফোন মারফৎ জানা যায় রাত ৮টা নাগাদ তিনি
কর্ণজোড়া কালিবাড়িতে ছিলেন৷ তারপর আর যোগাযোগ সম্ভব হয়নি। এরপর বৃহস্পতিবার নদী থেকে তার দেহ উদ্ধার হয়।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দেহে আঘাতের চিহ্ন দেখে পরিবারের দাবি, সুবোধকে হত্যা করা হয়েছে। কর্ণজোড়া কালিবাড়ি এলাকায় একটি মোবাইলের দোকানদারের সাথে তার ঝামেলা হয়েছিল বলে পরিবার সূত্রের খবর। তবে কে বা কারা তাকে হত্যা করল তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে।

অন্যদিকে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার টেলিফোনে জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে। তদন্ত শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *