স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ মে: জামাইয়ের হাতে অ্যাসিড আক্রান্তর ঘটনায় অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ।
প্রসঙ্গত, বুধবার বিবাহ বিচ্ছেদের মামলার দিন ছিল রানাঘাট আদালতে। আদালতের কাজ সেরে শ্বশুর নিতাই পাল ও স্ত্রী সুস্মিতা ভট্টাচার্য বাড়ি ফেরার পথে আদালতের কাছের বাস স্টপেজে রাণাঘাট কোর্ট মোড় সংলগ্ন এলাকায় স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে অভিযুক্ত স্বামী রাজু ভট্টাচার্য। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই অ্যাসিড গিয়ে লাগে শ্বশুর নিতাই পালের গায়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত রাজু ভট্টাচার্যের স্ত্রী সুস্মিতা ভট্টাচার্য।
মেয়ের পরিবারের অভিযোগ, মামলা চলার জন্য বহুদিন ধরেই হুমকি দিত জামাই রাজু ভট্টাচার্য। না শোনার জন্যই এই অ্যাসিড হামলা। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে রানাঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল এলাকা ছেড়ে। ধৃতকে বৃহস্পতিবার রানাঘাট আদালতে তোলা হয়। তবে কি কারণে অ্যাসিড হামলা করল এবং কোথা থেকে পেল এই অ্যাসিড তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

