জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জানুয়ারি: সোমবার সকালে চন্দ্রকোনার শিলাবতী নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। এদিন সকালে ভবানীপুর এলাকার বাসিন্দারা নদীর জলে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃত যুবকের নাম দাঁড়ু মান্ডি। বয়স চল্লিশ বছর। বাড়ি ভবানীপুর গ্রামে। মৃত যুবকের পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পরেও তার কোনো হদিস মেলেনি। স্থানীয়দের অনুমান, নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল ওই যুবক।

