পুরুলিয়ায় বালি পাথরের অবৈধ ব্যবসার নতুন ব্যবস্থা! বিশেষ টোকেন নিলেই অবাধে করা যাবে কারবার, সরব বিজেপি

সাথী দাস, পুরুলিয়া, ১০ জানুয়ারি: চোরের উপর বাটপারি। পুরুলিয়া জেলায় এখন বালি উত্তোলনে ভূমি সংস্কার দফতরের দেওয়া অনুমোদন বা রসিদ নয় একহাজার টাকা দিয়ে একটি বিশেষ টোকেন নিলেই অবাধে বালি তুলে বিক্রি করা যাবে। এছাড়া বৈধতা ছাড়াই অবাধে পাথর উত্তোলন করা যাবে। এই ভাবেই কার্যত কোটি কোটি টাকার রাজস্ব নদীর বালিতে মিশছে পুরুলিয়ায়। ‘উপরতলা’ থেকে চালু হওয়া এই ব্যবস্থা নিয়ে পুরুলিয়ায় সরব হল বিজেপি। আজ পুরুলিয়া জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের কাছে এর তীব্র প্রতিবাদ করে স্মারকলিপি দেন বিজেপি নেতৃত্ব।

বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “সরকারের সঙ্গে সমান্তরালভাবে এইভাবে বালি পাথর তোলা হচ্ছে জেলাজুড়ে। যারা বৈধভাবে ঘাট ইজারা নিয়ে বালি তোলার অনুমতি পেয়েছেন তাঁরা কী করবেন? সাধারণ মানুষের নির্মাণ কাজে এর প্রভাব পড়তে পারে। যথেচ্ছ দাম হবে বালির। এই অবৈধ বালি সহ খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবসা বন্ধ না হলে আমরা গণ আন্দোলন করবো।”

ভূমি দফতরের জেলা আধিকারিকের সঙ্গে সঙ্গে ব্লক আধিকারিকদের কাছেও দলীয়ভাবে একই কারণে স্মারকলিপি দেওয়া হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই টোকেনের বিষয়ে অন্ধকারে রয়েছে জেলা তৃণমূল! অন্তত তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার কথায় তাই জানান দিল। তিনি বলেন, “এই বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে কথা বলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *