বুস্টার ডোজ দেওয়াকে কেন্দ্র করে ষাটোর্ধদের চরম হয়রানির অভিযোগ পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে

সাথী দাস, পুরুলিয়া, ১০ জানুয়ারি: বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চরম হয়রানির অভিযোগ ষাটোর্ধদের। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় টিকাগ্রহণ কেন্দ্রে। সমস্যায় পড়তে হয় বুস্টার ডোজ নিতে আসা বৃদ্ধ বৃদ্ধাদের বলে অভিযোগ ওঠে।

কোউইন.জিওভি.ইন (cowin.gov.in) এই লিঙ্ক থেকে বুস্টার ডোজ ভ্যাকসিন নেওয়ার ম্যাসেজ পেয়ে সকাল থেকেই ষাটোর্ধ বৃদ্ধ-বৃদ্ধা এবং ফ্রন্টলাইন ওয়ার্কররা ভিড় জমান পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের টিকাগ্রহণ কেন্দ্রে। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েই ১১ টা পেরিয়ে গেলেও বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া শুরু না হওয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বৃদ্ধ বৃদ্ধারা। স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তোলেন তাঁরা। কোথায়, কখন, কীভাবে বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে তা জানা নেই কারোরই। আর তাতেই এই বিশৃঙ্খলা বাধে। বুস্টার ডোজের মেসেজের ভিত্তিতে টিকাগ্রহণ কেন্দ্রে আসা পুরুলিয়া শহরের বাসিন্দা জিতেন মুখার্জি, শ্যামল কুমার দেব বলেন, “মেসেজ পেয়ে বুস্টার ডোজ নিতে সকাল সাড়ে আট টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। তিন ঘন্টা পর বলা হচ্ছে এখানে হবে না। আবার শুনছি আজকে আমাদের দেওয়া হবে না। এইভাবে আমাদের হয়রানি করার মানে কী?” নির্দিষ্ট সময়ের পরই পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সুপারের কাছে গিয়ে প্রতিবাদ জানান তাঁরা।

যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কুণাল কান্তি দে জানান, “ষাটোর্ধ বৃদ্ধ-বৃদ্ধারা অবশ্যই ভ্যাকসিন পাবেন। তবে তার আগে ফ্রন্টলাইন ওয়ার্কাররা ভ্যাকসিন পাবেন।”

এর পরই স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে বুস্টার ডোজ ভ্যাকসিন না নিয়েই মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান ষাটোর্ধ বৃদ্ধ বৃদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *