পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ মে: পুকুর থেকে এক স্কুলছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে দাদুর সাথে মাঠে গিয়ে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণির ওই স্কুল ছাত্র। মধ্যরাতে বাড়ি থেকে সামান্য দূরের একটি পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয় তার মৃতদেহ। রবিবার এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পতিরাম থানার জোতগোপাল এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ওই স্কুল ছাত্রের নাম কুট্টু সরকার(৮)। স্থানীয় একটি প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। বাবা বেশ কিছুদিন আগে মারা যাওয়ায় মামার বাড়িতে থেকেই মানুষ ছোট্ট কুট্টু। শনিবার রোজকার মতো দাদুর সাথে জমিতে গিয়েছিল সে। দুপুরে স্নান খাওয়ার জন্য বাড়িতে ফেরবার পথেই নিখোঁজ হয়ে যায় ছোট্ট ওই ছেলেটি। এদিকে বেলা বাড়লেও কুট্টু আর না ফেরায় দুশ্চিন্তা বাড়ে জমিতে কাজ করতে থাকা বৃদ্ধ দাদুর। দীর্ঘ সময় অতিক্রান্ত হতেই চারিদিকে কুট্টুর খোঁজ শুরু করে তার বাড়ির লোকেরা। রাত পর্যন্ত তার খোঁজ না মেলায় ওইদিন রাতেই কুট্টুর দাদু প্রদীপ মন্ডল স্থানীয় পতিরাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
এদিকে গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করতেই বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুরে ছোট্ট ওই শিশুটির জুতো ভেসে থাকতে দেখেন। যা থেকে সন্দেহ বাড়তেই পুকুরে নামানো হয় জাল। আর তাতেই উঠে আসে ছোট্ট ওই স্কুল ছাত্রের নিথর দেহ। ঘটনা জানাজানি হতেই পতিরাম থানার পুলিশ রাতেই দেহ উদ্ধার করে ওই শিশুটির। রবিবার যার ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।
মৃতের দাদু প্রদীপ মন্ডল বলেন, প্রতিদিনের মতো তার সাথে জমিতে গিয়েছিল সে। সেখান থেকে বাড়ি ফেরবার সময় পুকুরে পড়ে মৃত্যু হয় তার। যে বিষয়টি বুঝতে না পেরে ওইদিন রাতেই নিখোঁজ ডায়েরি করে তারা।

