জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: একদিন নিখোঁজ থাকার পর কুশমী খাল থেকে উদ্ধার হল বৃদ্ধের দেহ। কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি পঞ্চায়েতের দীপা এলাকায় বৃহস্পতিবার গরু পারাপার করতে গিয়ে কুসমী খালের জলে তলিয়ে যায় দীপা এলাকার পঞ্চানন পালোই। গতকালই তাকে খুঁজতে কুশমি খালে তল্লাশি শুরু করে স্থানীয় মানুষজন ও সিভিল ডিফেন্সের কর্মীরা। অনেক রাত পর্যন্ত খোঁজাখুজি করার পরও মেলেনি ওই বৃদ্ধের দেহ।

শুক্রবার সকালে ওই এলাকা থেকে কিছুটা দূরে ঝাড়েশ্বরপুর বাসুলী মন্দির সংলগ্ন কুসমী খাল থেকে উদ্ধার হয় মৃতদেহ। এদিন সকালে জলে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। স্থানীয় মানুষদের প্রচেষ্ঠায় খাল থেকে দেহটি তুলে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

