জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ মে: বুধবার সকালে বাড়ির সামনের খাল থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের চাঁদিবেনিয়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম কৃষ্ণ পাত্র। বয়স আনুমানিক ৪০ বছর। বুধবার বাড়ির কিছুটা দূরে খাল থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। মৃত ব্যক্তির হাতে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। দলীয় রোষে না পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখছে ময়না থানার পুলিশ।সকালেই খবর পেয়ে ময়না থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃত কৃষ্ণের স্ত্রী ও এক ভাইকে ময়না থানায় নিয়ে আসে। দেহ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। রাজনৈতিক কর্মী খুনের এই ঘটনায় এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

