জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মে: বুধবার দাঁতন দু’ নম্বর ব্লকের রণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি নেওয়া হয়। রাজ্য সরকারের পাড়ায় সমাধান কর্মসূচির মতই প্রতিটি বুথ এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশের নিবিড় সংযোগ গড়ে তোলা এবং তাদের সমস্যার সমাধানের লক্ষ্যে এই সংযোগ ও সমাধান কর্মসূচির আয়োজন। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি থানা এলাকাগুলিতে যে সকল সমস্যা রয়েছে সেগুলি মূলত আলাপ আলোচনা ও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে থানা থেকে সমাধান করাই মূলত জনসংযোগ ও সমাধান কর্মসূচির মূল লক্ষ্য বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে রণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর দেবনাথ ও ফাঁড়ির অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এলাকার মানুষের অভাব অভিযোগ সহ বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।

