আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ ডিসেম্বর: বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে ময়না থানা ঘেরাও করে বিক্ষোভ অভিযান করা হল বিজেপির পক্ষ থেকে। ময়নার বাকচা অঞ্চলের বিভিন্ন গ্রামে বিজেপি কর্মীদের মারধর, বাড়িঘর লুটপাট, মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আজ বিকেলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে ময়না থানা ঘেরাও অভিযান হয়। এছাড়াও এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা এবং তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অগ্নিমিত্রা পাল অভিযোগ জানান, বাকচা এলাকার বিভিন্ন গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন এলাকা থেকে বাকচায় এসে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে। বোমাবাজি করছে, মারধর করছে, ঘরবাড়ি লুটপাট করছে। পুলিশের পোশাকে তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ নিষ্ক্রিয় থাকছে। তার আরও অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সাহায্য করছে। তাই তার প্রতিবাদে আজ ময়না থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী-সমর্থক ময়না থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।


