স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ ডিসেম্বর: নদিয়ার কৃষ্ণনগরে পৌরসভায় বাংলা আবাস যোজনা নিয়ে কাটমানির অভিযোগ। তৃণমূলের প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধে অভিযোগ তুলল দলীয় কর্মী সমর্থকরা।

এদিন কৃষ্ণনগর পৌরসভার ২৪ টি ওয়ার্ড থেকে মহিলারা জড়ো হন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। হাতে তাদের কোনও রকম দলীয় পতাকা না থাকলেও মুখে ছিল তৃণমূলের বিরুদ্ধে স্লোগান। তারা পোস্টার বানিয়ে বিক্ষোভ দেখালেন। সেখানে লেখা ছিল, বাংলা আবাস যোজনায় গরিবের বাড়ি তৈরি করতে সম্রাট
পালকে কেন টাকা দিতে হবে পৌর প্রশাসক নরেশ দাস জবাব দাও। ১১ নম্বর ওয়ার্ডে আশীষ ঘোষের তিনতলা মার্বেল দেওয়া বাড়ি থাকা সত্বেও সঞ্জয় বোস এবং জয়ন্ত সাহাকে এক লক্ষ টাকা দিয়ে এইচএফএ’র বাড়ি পেল কি করে নরেশ দাস জবাব দাও। এরকম একাধিক পোস্টার নিয়ে বিক্ষোভ দেখালেন বিক্ষিপ্ত তৃণমূল কর্মীর সমর্থকরা।
যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের একাংশ। তবে এই নিয়ে নদিয়া জেলার উত্তরের জেলা সভাপতি জয়ন্ত সাহা কোনও রকম মন্তব্য করতে চাননি। তবে এই বিষয়টি নিয়ে বিজেপির বক্তব্য, তাদের অভিযোগের ওপর সিলমোহর পড়েছে। তারা বলেন, তৃণমূলেরই একাংশ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন কাটমানি ইস্যুতে এবং এই কথাগুলি তারা বার বার তুলছেন বিভিন্ন ইস্যুতে, আর এটা তাদের নৈতিক জয় বলেই মনে করছেন বিজেপির একাংশ।

যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে জনসাধারণ বিজেপিকে ভোট দেবে এবং বিজেপি পৌরসভা দখল করবে।
সামনেই পৌরসভা নির্বাচন। তবে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলে পড়তে চলেছে পৌরসভার ফলাফলে তা সময়ই বলবে।

