জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: করোনা আবহে সংক্রমিতদের হাসপাতালে পৌঁছাতে যখন সাধারণ মানুষকে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে তখন সাংসদ কোটায় পাওয়া জীবন সাথী অ্যাম্বুলান্স পড়ে পড়ে নষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যসভার সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় নারায়ণগড় ব্লকের ব্যাঙদা গ্রামের তৃণমূল ঘনিষ্ঠ নিবেদিতা সংঘ ক্লাবকে জীবন সাথী অ্যাম্বুলান্স দেওয়া হয়।
স্থানীয় তৃণমূল নেতা তথা ওই ক্লাবের সম্পাদক উৎপল মহাপাত্র বলেন, চালকের সমস্যার জন্য বেশ কিছুদিন হল অ্যাম্বুলান্সটি অচল অবস্থায় পড়ে রয়েছে। তিনি বলেন অ্যাম্বুলান্স থেকে খরচ না ওঠায় সারানো সম্ভব হয়নি। গতবছর কোভিড পরিস্থিতিতে অ্যাম্বুলান্সটি পরিষেবা দিয়েছে।
বিরোধীদের দাবি, এই অতিমারির সময় অ্যাম্বুলান্সটি পড়ে থেকে নষ্ট হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক। ২০১৩ সালে চিটফান্ডের টাকায় তৃণমূল ঘনিষ্ঠ ক্লাবগুলোকে এরকম বহু অ্যাম্বুলান্স দেওয়া হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি প্রায় নষ্ট হতে বসেছে বলে বিরোধীদের অভিযোগ।

