শৌচাগার ব্যবহারের অভ্যেস করাতে পুরুলিয়া জেলাজুড়ে অভিযান শুরু করছে প্রশাসন

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ নভেম্বর: শৌচাগার ব্যবহারে এতদিন পুরুলিয়া জেলায় উল্লেখযোগ্য সাফল্য আসেনি। অথচ, গণহারে ঢাকঢোল পিটিয়ে মিশন নির্মল বাংলা প্রকল্পের প্রচার হয়ে চলেছে। সরকারি এই রিপোর্ট উদ্বেগ বাড়িয়ে তুলেছে আধিকারিকদের। তাই এবার উদ্দেশ্য সফল করতে কোমর বেঁধে নামছে জেলা প্রশাসন ও জেলা পরিষদ।

নিরাপদ পানীয় জলের ব্যবহার ও উন্নত স্বাস্থ্য বিধান গড়ে তোলার লক্ষ্যে ১৫ নভেম্বর থেকে দেড় মাস ধরে একটি জনসংযোগ ও প্রচার কর্মসূচি শুরু করার উদ্যোগ নিল। এই লক্ষ্যে এদিন আনুষ্ঠানিকভাবে চারটি সুসজ্জিত ট্যাবলোর যাত্রা সূচনা হয়। পুরুলিয়া জেলা পরিষদ চত্বর থেকে পতাকা নাড়িয়ে প্রচারমূলক ট্যাবলোর সূচনা করেন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও জেলাশাসক রাহুল মজুমদার সহ বিভিন্ন জন প্রতিনিধিরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রচার কর্মসূচির প্রধান লক্ষ্য শৌচালয় ব্যবহারের জন্য সচেতনতা তৈরি করা, যাতে ডায়েরিয়া আমাশা, জল বাহিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং সব শ্রেণির মানুষের মর্যাদা সুরক্ষিত রাখা।

বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সরকারি কর্মচারি, শিক্ষক,  পঞ্চায়েত কর্মীরা প্রচার অভিযানে সক্রিয় অংশ নেবেন। স্বনির্ভর গোষ্ঠী, ছাত্র সমাজকেও যুক্ত করা হবে এই উদ্যোগে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় শৌচালয় নির্মাণের লক্ষ্য পূরণ হয়নি। বাকি শৌচালয়গুলিও দ্রুততার সঙ্গে তৈরি করে প্রকল্প সফল করতে উপভোক্তাদের ব্যবহারে উৎসাহিত করা হবে। শৌচাগার ব্যবহারে পুরুলিয়া জেলার অন্যতম জলের সমস্যা নিয়ে পরিকল্পনা করছে জেলা প্রশাসন।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *