নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র যাচাইয়ের কাজ শুরু করল পুরাতন মালদা ব্লক প্রশাসন কর্তৃপক্ষ

আমাদের ভারত, মালদা, ১২ নভেম্বর: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেও বহু মহিলারা এখনও মোবাইলে মেসেজ পাননি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টেও তাদের কোনও টাকাও ঢোকেনি। এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আবেদনকারী অনেক মহিলারা। আর সেই দুশ্চিন্তার সমাধান করতেই নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্রের যাচাই পর্বের কাজ শুরু করলো পুরাতন মালদা ব্লক প্রশাসন কর্তৃপক্ষ। এমনকি যেসব আবেদনকারী মহিলারা নতুন যাচাই পর্ব সম্পর্কে জানতেন না, তাদের তালিকা অনুযায়ী ফোন নম্বর ধরে বিষয়টি জানানো হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

শুক্রবার সকাল থেকেই পুরাতন মালদা ব্লক অফিস চত্বরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়া মহিলাদের আবেদন পত্র সহ বিভিন্ন নথি পুনরায় খতিয়ে দেখার কাজ শুরু করে ব্লক প্রশাসন। যেসব আবেদনকারী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কোথায় কি ধরনের সমস্যা রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেওয়ার ক্ষেত্রে কোনও ত্রুটি রয়েছে কি না, অথবা আবেদনপত্রের কোথাও কোনও ভুল রয়েছে কি না সমস্ত কিছুই পুনরায় খতিয়ে দেখে প্রশাসনের কর্তারা। যেসব আবেদনকারীদের এই সমস্যা রয়েছে তা সংশোধন করে পুনরায় সেই আবেদন পত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথাও বলেছে ব্লক প্রশাসন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সাধারণ মহিলাদের ক্ষেত্রে মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে মাসিক এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এই প্রকল্প শুরু হওয়াতেই বহু আবেদনকারী মহিলারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। কিন্তু অনেকে আবার এই প্রকল্পের টাকা পাচ্ছেন না। যা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন আবেদনকারী মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *