স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ নভেম্বর: প্রতিবছরের মতো এবারেও পালিত হল রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠলীলা উৎসব৷ এই উৎসবের প্রচলন করেছিলেন প্রয়াত পণ্ডিত গোপাল চন্দ্র মণ্ডল। প্রতিবছর ছট পুজোর পরের দিন এই গোষ্ঠলীলা উৎসব আয়োজিত হয়। এবছর ৯৫ তম বর্ষে পড়ল গোষ্ঠলীলা উৎসব। শুক্রবার দুপুরে রায়গঞ্জের বন্দরের গোপাল বান্ধব পাঠশালা চত্বর থেকে এই গোষ্ঠলীলা উৎসব শুরু হয়। এমজি রোড, ঘড়িমোড়, মোহনবাটি, শিলিগুড়ি মোড়, এলআইসি মোড়, নিশীথ সরণী সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে গোষ্ঠ উৎসব।

এই গোষ্ঠলীলা উৎসবের পেছনে রয়েছে কৌতুহলি জনশ্রুতি। জানা যায়, পণ্ডিত গোপাল চন্দ্র মণ্ডলের পরপর কয়েকটি সন্তান মারা যায়। এরপর পুত্র সন্তান লাভের আশায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে মানত করেন তিনি। পুত্র সন্তান লাভের মনকামনা পূরণ হওয়ায় রায়গঞ্জের বন্দর এলাকায় স্থানীয় অধিবাসীদের নিয়ে এই গোষ্ঠলীলা উৎসবের প্রচলন করেন তিনি। প্রথমদিকে এই উৎসবের আয়তন ছোটো হলেও সময়ের সাথে সাথে উন্মাদনা ছড়িয়ে পড়ে শহরবাসীর মধ্যে। এদিন সকালে গোষ্ঠলীলা উৎসব কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণ, বলরাম, জিউর বিগ্রহ সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে। শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলার নানান ঘটনা প্রদর্শিত হয় এই উৎসবে৷ তবে এবছর করোনা আবহের কারণে উৎসবের আয়তন ছোটো করা হয়েছে৷ এদিন এই গোষ্ঠলীলা উৎসব দেখার জন্য রাস্তার দু’ধারে বহু মানুষ ভিড় জমান।

রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা এদিনের উৎসবে পা মেলান।

