স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ নভেম্বর: নেশাগ্রস্থ অবস্থায় বিষধর সাপ ধরে বাহাদুরি দেখাতে গিয়ে মৃত্যু রায়গঞ্জে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহারাজা হাট এলাকায়। এদিন ওই এলাকায় রবীন্দ্রনাথ দত্ত নামে বছর ৫১-র এক ব্যক্তি প্রকাশ্যেই বিষাক্ত সাপ ধরে সকলের সামনে বাহাদুরি দেখাচ্ছিলেন। তখনই তার বাঁ হাতে ছোবল দেয় ওই সাপটি। ওই সাপটি বিষাক্ত গোখরো সাপ ছিল বলে স্থানীয়রা জানান।

এদিকে নেশায় বুঁদ হয়ে থাকায় সাপের কামড় প্রথমে টের পাননি ওই ব্যক্তি। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে তৎক্ষনাৎ মহারাজা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

স্থানীয়রা এবং তার পরিবারের লোকেরা জানান, ওই ব্যক্তির সাপ ধরার কোনও প্রশিক্ষণ ছিল না। মাঝে মধ্যেই সাপ ধরে কখনো পকেটস্থ করতেন, কখনো আবার গলায় পেঁচিয়ে রাখতেন। মদ্যপ অবস্থায় তার বাহাদুরি যেন আরও বেশি হোত। আর এর জেরেই এই ঘটনা বলে স্থানীয়দের দাবি। যদিও এভাবে প্রশিক্ষণ ছাড়া সাপ ধরা উচিৎ নয় বলেই পশুপ্রেমীরা জানিয়েছেন।

