আমাদের ভারত, হুগলী, ২৩ নভেম্বর: মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে ধারপাকড় আরামবাগ শহরজুড়ে। এদিন যে সমস্ত মানুষ মাস্ক না পরে রাস্তায় বের হয় তাদের ধমক দিয়ে মাস্ক পরতে বাধ্য করেন আরামবাগ থানার পুলিশ ও মহকুমা শাসক।
এদিন আরামবাগের গৌরহাটি মোড়, হাসপাতাল চত্বর সহ আরামবাগ আদালত চত্বর, মোহরি কক্ষে হাজির হন ম্যাজিস্ট্রেট, সেখানে যে সকল মোহরি মাস্ক ছাড়া আদালত চত্বরে কাজ করছিলেন তাঁদের মাস্ক পরতে বলেন। এমনকি গৌরহাটি মোড়ে রাস্তায় দাঁড়িয়ে বাইক আরোহী থেকে টোটো চালক পথ চলতি মানুষকেও কড়া ভাষায় ধমক দেন। এমনকি মাস্ক না থাকলে তাদের মাস্ক কিনতে বাধ্য করেন।
প্রতিদিন আরামবাগে করোনার সংক্রমণ বেড়েই চলেছে, ফলে সাধারণ মানুষের স্বার্থে মাস্ক না পরায় ধরপাকড় শুরু করতে আরামবাগ পুলিশ ও আরামবাগ মহকুমা শাসকের পক্ষ থেকে রাস্তায় নামলেন ম্যাজিস্ট্রেট। সাধারণ মানুষ মাস্ক না পরে বেরলেই চলছে ধরপাকড়।

