লাইনে ফাটল, দুর্গাপুর থেকে ছেড়েই আটকে পড়ল ব্ল্যাক ডায়মন্ড 

জয় লাহা, দুর্গাপুর, ২৩ নভেম্বর: লাইনে ফাটল। জার্কিং হতেই চালক দাঁড় করিয়ে দিল ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ধানবাদ -হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোল-হাওড়া লাইনের দুর্গাপুর স্টেশনের কাছে। ঘটনায় জানা গেছে, এদিন সন্ধ্যায় হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দুর্গাপুর স্টেশন ছাড়ার কিছু দূর পরেই ট্রেনে জার্কিং শুরু হয়। বেগতিক বুঝে ট্রেন দাঁড় করিয়ে দেয় চালক। তারপরই শুরু হয় জার্কিংয়ের রহস্য খোঁজার কাজ। বিষয়টি খতিয়ে দেখতেই নজরে পড়ে লাইনে ফাটল। দ্রুত খবর দেওয়া হয় আসানসোল ডিভিশনের কন্ট্রোল রুমে। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু হয়।

আসানসোল রেল ডিভিশন সুত্রে জানা গেছে, এদিন সন্ধে সাড়ে ছ’টা থেকে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এবং লাইন মেরামতির পর প্রায় সাড়ে ৮ টা নাগাদ পুনরায় ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। তবে কি কারণে ফাটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *