আমাদের ভারত, কলকাতা, ১২ নভেম্বর: আজ সকাল ১০টা নাগাদ ১৭ নম্বর দক্ষিণদাড়িতে একটি প্লাস্টিক প্রিন্টিং কারখানায় আগুন লাগে। সকালে কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। নিমেষে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। খবর দেওয়া হয় দমকলে।
দমকলের ৫টি ইঞ্জিন দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলবাহিনীর অফিসারের দাবি, কারখানার মধ্যে কোনো রকম অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। ঘিঞ্জি জায়গা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
এলাকাবাসীদের দাবি, বেআইনি ভাবেই বহুতলের মাঝে এই ধরনের কারখানা চালানো হচ্ছিল। বহুবার স্থানীয় ওয়ার্ড কো অর্ডিনেটরকে এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানান হয়েছে বলেও দাবি স্থানীয়দের। কি কারণে আগুন তা তদন্ত করে দেখছে লেক টাউন থানার পুলিশ।

