আমাদের ভারত, আরামবাগ, ১০ জানুয়ারি: বক্স বাজানোকে কেন্দ্র করে মারধর ও গাড়ি ভাঙ্গচুরের অভিযোগ মদ্যপ বেশ কিছু যুবকদের বিরুদ্ধে। ওই মদ্যপ যুবকরা এলাকার ক্লাব সদস্য। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নাওপাড়া এলাকায়। এ ঘটনায় আহত মহিলা ও যুবক বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহতেরা হলেন সুমন খাঁ ও পার্বতী খাঁ।
জানা গেছে, ওই এলাকায় গতকাল রাতে একটি ক্লাবের পক্ষ থেকে বেশ কিছু যুবক মিলে পিকনিক করছিল ডিজে বক্স বাজিয়ে। যুবকদের এই বক্স বাজানোর ফলে ক্লাবের পাশের বাড়ির লোকজন পুলিশকে ফোন করলে রাতে বক্স বাজানোর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ এসে বক্স বন্ধ করে দেয়। এরপরই সুমন খাঁ এর বাড়িতে ক্লাবের যুবকরা হামলা চালায়। ভাঙ্গচুর করা হয় বাড়ির অ্যাসবেস্টর, মোটর সাইকেল ও সাইকেল। তার পাশাপাশি বাড়ির পরিবারের লোকজনকে লাঠিসোঁটা নিয়ে ব্যাপক মারধর করা হয়। ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ওই যুবকদের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানাগেছে।

