তমলুকে মধ্যরাতে মদের দোকানে আগুন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ জানুয়ারি: তমলুকের স্টিমারঘাটে সরকারি লাইসেন্স প্রাপ্ত একটি বিলাতি মদের দোকান আগুন লেগে পুড়ে ছাই। দমকলের একটি ইঞ্জিন ও একটি পাম্পের সাহায্যে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের ভেতরে থাকা আসবাবপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে রাত দুটো নাগাদ হঠাৎ করে বোতল ফাটার শব্দে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়। পরে তারা বাইরে বেরিয়ে দেখে বিলাতি মদের দোকান দাউদাউ করে জ্বলছে। স্থানীয় পৌর কো-অর্ডিনেটর সহ বিভিন্নজনকে ফোন করে জানায় স্থানীয়রা। পৌর কো-অর্ডিনেটর উদ্যোগী হয়ে তমলুক থানায় ও বিদ্যুৎ দপ্তরে ফোন করে জানান। খবর পেয়ে দমকল ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে আসে। দমকল আসার আগে স্থানীয় মানুষজন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকলের একটি ইঞ্জিন প্রথমে কাজ শুরু করে। পরে কাছের রামসাগর পুকুর থেকে পাম্পের সাহায্যে জল তুলে আগুন নেভানোর কাজ করা হয়। তবে আগুনে আশে পাশের দোকানের বা কোনও বাড়ির ক্ষতি হয়নি। আগুন যে বাড়িতে লেগেছিল সেই বাড়িটি অনেক পুরনো হওয়ায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল আধিকারিক জানিয়েছেন, কিভাবে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না। বিদ্যুতের শর্ট সার্কিট নাকি কোনো নাশকতা তা পরে তদন্ত করে দেখা হবে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে ওই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তমলুক থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসে। মধ্যরাতে এই হঠাৎ করে আগুন লাগার ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার ফলে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *