মধ্যমগ্রামে ৩ দিন লকডাউন

আমাদের ভারত, বারাসত, ১১ জানুয়ারি: আগামী ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৩ দিন মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় লকডাউন জারি থাকবে, জানালেন পৌর প্রশাসক নিমাই ঘোষ।

রাজ্যে করোনার ঊর্ধ্বমুখীতে সংক্রমণ রোধে রাজ্যজুড়ে একাধিক জায়গায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই পথে হাঁটল মধ্যমগ্রাম পৌরসভা। করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে তিন দিন মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যমগ্রাম পৌরসভা। এ বিষয়ে সোমবার বিকেলে পৌরসভায় সাংবাদিক সম্মেলনে পৌর প্রশাসক নিমাই ঘোষ জানান, পৌর নাগরিকদের নিরাপত্তার কারণে পৌরসভার ২৮ টি ওয়ার্ডের সমস্ত ব্যবসায়ী সমিতি, বাজার ও পৌর এলাকার অন্তর্গত তিনটি থানার আধিকারিকদের নিয়ে আজ পৌরসভায় বৈঠক হয়। ১৩ ই জানুয়ারি থেকে ১৫ ই জানুয়ারি পর্যন্ত এই তিন দিন লকডাউন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জল-আলো-সংবাদমাধ্যম-ওষুধের দোকান, এই সমস্ত পরিষেবা চালু থাকবে। বাকি সব বন্ধ থাকবে। মাঝের দুই দিন এই বিষয়ে পৌর নাগরিকদের মাইকিং প্রচারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানালেন পৌর প্রশাসক নিমাই ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *