সাঁকরাইলে বাড়িতে ঢুকে পড়ল বালির গাড়ি, আহত ৯ , দুটি গাড়িতে আগুন, ভাঙ্গচুর একাধিক গাড়ি

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেহাড় ও মজুরা এলাকার মাঝামাঝি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল গৃহস্থে বাড়ির ভেতর। সোমবার রাতের এই ঘটনায় ৯ জন আহত হয়েছে। উত্তেজিত মানুষ ডাম্পার ভাঙ্গচুর করে আগুন ধরিয়ে দেয়।

জানাগেছে, সুবর্নরেখা নদী থেকে বালি বোঝাই করে মজুরা দিকে যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে বালি বোঝাই ডাম্পারটি। ঘটনায় গুরুতর আহত হয় ৯ জন। তড়িঘড়ি গ্রামবাসীরা খবর দেয় সাঁকরাইল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত সবাইকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গাগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাদের মধ্যে ৫ জনের অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসীরা বালি বোঝাই দুটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয়, ভাঙ্গচুর করে বেশ কয়েকটি গাড়িতে। তাদের অভিযোগ, প্রায় দিনই বালির গাড়ির দৌরাত্ম্যে নাজেহাল ওই এলাকার বাসিন্দারা। এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের দাবি ওই রাস্তা দিয়ে বালি বোঝাই গাড়ির যাতায়াত বন্ধ করতে হবে। আহত গ্রামবাসীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে ডাম্পারের চালককে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *