আমাদের ভারত, আরামবাগ, ২ আগস্ট: গোঘাটের আনুর এলাকায় ধানের জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ পুলিশের উপর চড়াও হয়ে বিক্ষোভ দেখায় এবং কয়েকজন পুলিশ কর্মীকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ মোট ১৪ জনকে গ্রেফতার করে। পাশাপাশি, ঘটনার মূল অভিযুক্ত সুশান্ত মণ্ডল ও জয়ন্ত মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

