আমাদের ভারত, ভাঙড়, ৮ নভেম্বর: আব্বাস সিদ্দিকীর ধর্মীয় জলসাকে কেন্দ্র করে তৃণমূল ও আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বড়ালী মালঞ্চ এলাকায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। কাউকে গ্রেফতার করা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার দুপুরে ভাঙড়ের বড়ালী পদ্মপুকুর এলাকায় আহলে সুন্নাতুল জামাতেরর কর্ণধার তথা পিরজাদা আব্বাস সিদ্দিকীর ধর্মীয় জলসা ছিল। অভিযোগ সেই ধর্মীয় জলসা ভেস্তে দিতে তৃণমূল আব্বাস অনুগামীদের হুমকি দিতে থাকে। আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে গন্ডগোল বেধে যায়।

অভিযোগ, তৃণমূল কর্মীরা ওই এলাকায় আব্বাস অনুগামীদের বাড়িঘর ভাঙ্গচুর করে। আসাদুল মোল্লা নামে এক আহলে সুন্নাতুল জামাতের কর্মীর বাড়িঘর ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।

