ফের উত্তপ্ত পান্ডবেশ্বর, রবিবাসরীয় প্রচারে তৃণমূল – বিজেপি হাতাহাতি, উত্তেজনা

জয় লাহা, দুর্গাপুর, ৪ এপ্রিল: ফের উত্তপ্ত পান্ডবেশ্বর। দুই দলের ভোট প্রচারকে ঘিরে বচসা থেকে হাতাহাতি। রবিবাসরীয় প্রচারে চরম উত্তেজনা ছড়াল লাউদোহার মাধাইপুর গ্রামে। পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় জানা গেছে, রবিবার সকালে পান্ডবেশ্বর বিধানসভার গোগলা পঞ্চায়েতের মাধাইপুর গ্রামে কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে করছিলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে একই সময় এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেছিলেন তৃণমূল কর্মীরা। এক সময় দুই দলের কর্মীরা মুখোমুখি চলে আসেন।

দুই দলের কর্মীরা একে অপরকে লক্ষ্য করে কুটূক্তি করতে থাকেন। আর তাতেই বচসা থেকে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি বেধে যায়। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা থানার পুলিশ ও র‍্যাফ। এরপর দু’পক্ষকে   তৎপরতার সঙ্গে পুলিশ দুদিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান , “তৃণমূলের অঞ্চল সভাপতি কাঞ্চন দাসের নেতৃত্বে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি ভোট প্রচার করেছিলেন। সেই সময় বিজেপি প্রার্থী বহিরাগতদের সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের হুমকি দেয়। তৃণমূল কর্মীরা প্রতিরোধ করে। বিজেপি বহিরাগতদের নিয়ে এসে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে।”  

অন্যদিকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, “আমাদের প্রচার চলাকালীন এলাকার দুষ্কৃতীদের জড়ো করে হামলা চালানোর চেষ্টা করেছিল তৃণমূল। পুলিশের তৎপরতায় ঝামেলা এড়ানো গেছে। তবে এলাকা অশান্ত না করে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ে নামুক তৃণমূল। মানুষ তাদের যোগ্য জবাব দেবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *