পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: গড়বেতায় বিজেপির জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভের ছবি ভাইরাল হতেই অস্তিত্বের পড়ল পদ্ম শিবির। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে বিজেপির জেলা সভাপতিকে উদ্ধার করতে হয় পুলিশকে গিয়ে। আর এই বিষয়টি বেমালুম অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের জেলা নেতারা।
জানা গেছে, শনিবার সন্ধেয় দলীয় কার্যালয়ের ভেতরে বিজেপির জেলা সহ-সভাপতিকে মারধর করেছিল গড়বেতা থেকে আসা বিজেপির এক মন্ডল সভাপতি ঠাকুরদাস মিদ্দা। দলীয় কার্যালয়ের সিসিটিভিতে ধরা পড়া সেই ছবি ভাইরাল হয়ে যায়। আর সেই ঘটনার রেস কাটতে না কাটতেই রবিবার সন্ধেয় আবার বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্রকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। গড়বেতার শ্যামসংঘ এলাকায় এই বিক্ষোভ চলে রবিবার সন্ধে সাতটার পর। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত পুলিশ গিয়ে বিজেপি জেলা সভাপতিকে উদ্ধার করে।

বিজেপি কর্মীদের দাবি, ঠাকুরদাস মিদ্দাকে বরখাস্ত করতে হবে। উল্লেখ্য, এই ঠাকুরদাস মিদ্দা বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্রের গোষ্ঠীর অনুগামী। তাই তাপস মিশ্রকে ঘিরেই এই বিক্ষোভ চলে।
তবে ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করে বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র। তাঁর দাবি, “কোথাও কোনো বিক্ষোভ হয়নি। কর্মীরা দাবি জানাতে এসেছিলেন মাত্র।”
পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের অজিত মাইতি বলেন, “ওদের দিন গোনা শুরু হয়ে গিয়েছে। শেষের শুরু হয়েছে ওদের। জেলা সহ সভাপতিকে মারধরের ঘটনার পর দিনই
বিজেপির জেলা সভাপতিকে ফের তার বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। তাকে পুলিশ গিয়ে উদ্ধার করে। বিজেপি নেতাদের বাঁচতে সেই রাজ্য পুলিশের উপরেই নির্ভর করতে হল।”

