পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৮ অক্টোবর: দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরে পর পর দুদিন বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। সেই প্রসঙ্গেই দলের সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কড়া হুঁশিয়ারি দিলেন দলের শৃঙ্খলা ভঙ্গকারিদের।
গত শনিবার বিকেলে প্রথমে বিজেপির জেলা সদর কার্যালয়ে দুই বিজেপি নেতার মধ্যে মারামারির ঘটনা। জেলা সভাপতিকে মারধর করে এক মণ্ডল সভাপতি। সেই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় গড়বেতায় খোদ জেলা সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পরপর দুই ঘটনায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে পশ্চিম মেদিনীপুর জেলায়। তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই মেদিনীপুর সফরে এলেন দিলীপ ঘোষ।
সোমবার সন্ধ্যায় মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। বৈঠকে ছিলেন জেলা সভাপতি তাপস মিশ্র, জেলার সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, বারবার এই ধরনের ঘটনা কেন প্রকাশ্যে আসছে এই নিয়েই মূলত আলোচনা হয় এদিনের এই বৈঠকে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন নিয়েও একপ্রস্থ আলোচনা হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারীদের কোন ছাড় দেওয়া হবে না বলে বৈঠকে দিলীপ ঘোষ জানি জানিয়ে দিয়েছেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি যা বলেছেন তাতে এটা পরিষ্কার শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদের কড়া ব্যবস্থা নিতে চলেছে দল। পরে সাংবাদিকদের বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, কেউ কেউ দলীয় শৃঙ্খলার বাইরে গিয়েছে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

